‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

টাঙ্গাইল
রূপালী ব্যাংকের প্রচারণা
এখন জনপদে
4

টাঙ্গাইলে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে। আজ (শুক্রবার, ৩১ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চিকলী রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারসহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’-এর সুবিধা, ব্যবহারবিধি ও গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তাদের বলা হয়।

এসময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দেশের ‘‘বাংলা কিউআর” ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। ‘‘বাংলা কিউআর”এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’

রূপালী ব্যাংক ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তরা।

এতে উপস্থিত ছিলেন— ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মঈনউদ্দিন মাসুদ, উপ-মহাব্যস্থাপক ও জোনাল ম্যানেজার মো. কামাল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, খায়রুল হাসান ও মো. আমিনুল ইসলামসহ টাঙ্গাইল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা।

জেআর