কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত; মেয়েসহ আহত ৩

কিশোরগঞ্জ
সড়ক দুর্ঘটনা
এখন জনপদে
0

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটো রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আজ (বুধবার, ১৯ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; পাকুন্দিয়া উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা (৫৮)। আহতরা হলেন; তাদের মেয়ে মারজিয়া খাতুন এবং জাহাঙ্গীর ও মাহিম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পাকুন্দিয়া থেকে একটি ব্যাটারিচালিত অটো রিকশা যাত্রী নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে অটোরিকশায় থাকা নুরু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

আরও পড়ুন:

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে নুরু মিয়া ও আনোয়ারার মেয়ে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহীদ হতাহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-কিশোরগঞ্জ সড়কে যান চলাচলেও ধীরগতি সৃষ্টি হয়।

এফএস