মহাসড়কেই ট্রাকের পার্কিং-মেরামত; ঠাকুরগাঁওয়ে বাড়ছে যানজট-দুর্ঘটনা

ঠাকুরগাঁও
মহাসড়কে ট্রাকের পার্কিং
এখন জনপদে
0

ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কেই রাখা হচ্ছে ট্রাক, করা হয় মেরামতও। এতে যানজটসহ চরম দুর্ভোগ ও দুর্ঘটনার শিকার হচ্ছেন জনসাধারণ। এদিকে সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সারিবদ্ধভাবে সড়কের ওপরেই রাখা হচ্ছে ট্রাক, চলছে মেরামতের কাজ। আলাদাভাবে জেলা ট্রাক টার্মিনাল থাকার পরও সড়কের ওপরে এভাবেই ট্রাক রাখছে দিনের পর দিন, এতে বাড়ছে যানজট।

পৌর শহরের বিআরটিসি কাউন্টার থেকে সদর উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার দুই ধারে এমন সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে অন্যান্য যানবাহনসহ পথচারীদের চলাচলেও পোহাতে হচ্ছে ভোগান্তি। দ্রুত সড়কে যানজট নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন পথচারীরা।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘ট্রাক টার্মিনালে ট্রাকগুলো থাকলে ভালো হয়। আর রাস্তাঘাটে সাধারণ জনগণের যানজটটা বাড়ে যায়। আমরা যাচ্ছি মনে করেন, দুইটা গাড়ি গেলেই রাস্তা জাম।’

অন্য একজন বলেন, ‘প্রশাসন কিন্তু মাইকিং করতেছে। দেখে চলে যাচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ তো দেখতে পাওয়া যায় না। দেখায় যে দুইদিন পর আবার দেখা যায় ট্রাকগুলো ওই রাস্তায় রাস্তায় আছে।’

আরও পড়ুন:

যদিও সড়কে যানজট মুক্ত করতে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। জেলার লোকাল কিছু গাড়ির মালিক তাদের কথা না শোনার কারণেই এমন সমস্যা হচ্ছে বলেও জানান তারা।

ঠাকুরগাঁও ট্যাংক লরি-কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের জেলা ট্রাক সভাপতি মো.ভূট্ট মিয়া বলেন, ‘পুরাতন বাসস্ট্যান্ডে যে এই পণ্য পরিবহন ট্রাকগুলো থাকে, যে আমাদের কিছু জেলার লোকাল মহাজনের গাড়ি। তাদেরকে আমরা অনেক বুঝাইবার চেষ্টা করতেছি। কিন্তু উনারা অনেকে বুঝতেছে, আবার অনেক সময় বুঝতেছে না।’

এদিকে সড়কে অবৈধভাবে যানবাহন রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস পৌরসভা প্রশাসনের।

ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন, ‘অনেকবার অবহিত করেছি। যেহেতু তারা ঠিকমত আমাদের কথা শুনছে না, আমরা জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। এটা জেলা প্রশাসন এবং এসপি মহোদয়ের সামগ্রিক সহযোগিতায় আমরা ওখানে মোবাইল কোর্ট অভিযান চালাবো এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

সড়কে যানজট এড়াতে ও দুর্ঘটনা কমাতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ২০১৭ সালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ট্রাক টার্মিনাল স্থাপন করা হয়। তবে ট্রাক টার্মিনাল স্থাপন হলেও দুর্ভোগ কমেনি স্থানীয় ও পথচারীদের।

এসএস