আহতরা হলেন; রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকার সালমা হোসেন (৪৪), তার দুই ছেলে আহনাফ মাহিন (১৭), জারিফ (১৫) ও তাদের গাড়ি চালক মো. রাসেল (২৫)। পার্কের আউটসোর্সিং কর্মচারী মোমিন ও মাসুদ রানা নামে দুইজন আহত হয়েছেন।
ভুক্তভোগী দর্শনার্থী সালমা হোসেন জানান, দুই সন্তান আহনাফ ও জারিফকে নিয়ে শনিবার দুপুরে গাজীপুর সাফারি পার্কে যান। পার্কের কোর সাফারির দর্শনার্থীদের বাসের ভেতর ময়লা ও আবর্জনা থাকায় তা পরিষ্কার করতে বলেন। এসময় পার্ক কর্তৃপক্ষ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে সঙ্গে থাকা স্টিলের রড দিয়ে এলোপাথারিভাবে জারিফ, আহনাফ ও চালক রাসেলকে মারধর করে।
এসময় তিন ভরি ওজনের স্বর্ণের চেন, মোবাইল ভাংচুর করে ও নগদ ৮০ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এ বিষয়ে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান বলেন, ‘দর্শনার্থী বাসে ময়লা থাকাকে কেন্দ্র করে পার্কের এক কর্মচারীর সঙ্গে বাগবিতন্ডা তৈরি হয়। এসময় দর্শনার্থীর এক সন্তান ওই কর্মচারীকে মারধর করে। পরে তাদের পরিদর্শন শেষে পার্ক অফিসে নিয়ে বসতে চাইলে তারা ফের উত্তেজিত হয়ে হামলায় করে।’
এতে পার্কের ২ কর্মচারী আহত হয়। তারা চিকিৎসা নিয়েছেন। বাকী আরও ৩জন আহত হলেও চিকিৎসা নেয়ার মত পরিস্থিতি হয়নি। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি নেয়া হচ্ছে।
অপরদিকে বন বিভাগের নির্ধারিত ইউনিফর্ম পড়া দায়িত্বরত অবস্থায় মো. মমিন নামের একজন কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে ওই নারী ও তার সঙ্গে থাকা লোকজনের বিরুদ্ধে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম ইকবাল হোছাইন চৌধুরী এ প্রসঙ্গে মুঠোফোনে বলেন, ‘আমাদের মো. মুমিন নামের একজন স্টাফকে হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আমাদের স্টাফকে আহত করার পর বাসে থাকা ওই পর্যটকদের পার্ক অফিসে আনা হয় আলোচনা করার জন্য। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় বন বিভাগের আউটর্সোসিং স্টাফ মো. ফরহাদ নামের একজনকে বরখাস্ত করা হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।





