বলেশ্বর নদীতে ২ কেজি ৭০০ গ্রামের ‘রাজা ইলিশ’, বিক্রি প্রায় ১৬ হাজারে!

রাজা ইলিশ
এখন জনপদে
0

বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশালাকার ‘রাজা ইলিশ’। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে প্রকাশ্যে নিলামের মাধ্যমে মাছটি ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়।

এর আগে গতকাল (বুধবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে স্থানীয় আলতাফ হোসেন মাঝির জালে বিশালাকার এই ইলিশটি ধরা পড়ে। আলতাফ মাঝির বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা এলাকায়।

বিএফডিসি ঘাটের পাইকারি বিক্রেতা ইমরান হোসেন রিফাত জানান, সকালে আলতাফ মাঝি মাছটি ঘাটে বিক্রির জন্য আনলে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। ডাক নিলামে মেসার্স নিউ আল আমিন ফিসের প্রতিনিধি পলাশ মাছটি প্রতি মণ ২ লাখ ৩৬ হাজার টাকা দর হিসেবে মোট ১৫ হাজার ৯৩০ টাকায় কিনে নেন। অধিক লাভের আশায় মাছটি খুলনার পাইকারি বাজারে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন:

চলতি মৌসুমে বড় ইলিশের দেখা মেলা ভার উল্লেখ করে জেলেরা জানান, নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে তারা যখন হতাশ, তখন এমন বড় ইলিশ ধরা পড়ায় উপকূলীয় মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সাধারণত এত বড় আকারের ইলিশ সচরাচর দেখা যায় না। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় নদীর মোহনায় এমন বড় মাছ পাওয়া নিশ্চিতভাবেই ভালো খবর। যদিও জেলেরা এখনও প্রত্যাশা অনুযায়ী মাছ পাচ্ছেন না, তবে আশা করছি সামনের দিনগুলোতে জাল ভর্তি ইলিশের দেখা মিলবে।’

এসএস