দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে স্যান্ডপেপার কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়াকে। বছর আটেক আগে ঘটা এ ঘটনা আবারও আলোচনায়। যার পেছনে সাবেক অজি ওপেনার উসমান খাজার আত্মজীবনী- সবর। সেখানে তার দাবি, ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি আগের টেস্টেও স্যান্ডপেপার ব্যবহারের বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
খাজা লিখেছেন, পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেই ড্রেসিংরুমে বল টেম্পারিং নিয়ে আলোচনা হয়েছিল। তার দাবি, অধিনায়ক স্টিভ স্মিথ বিষয়টি থেকে নিজেকে সরিয়ে নিলেও দলের সবাই জানতেন কী ঘটছে। পরবর্তীতে কেপটাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।
বিষয়টিকে নিজেদের ইতিহাসের অন্যতম লজ্জাজনক ঘটনা হিসেবে দাবি করে অস্ট্রেলিয়া। শাস্তি হিসেবে নিষিদ্ধ হন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফ্ট। পদত্যাগ করেন তৎকালীন হেড কোচ ড্যারেন লেহম্যানও। খাজার দাবি, শুধু তিন ক্রিকেটারকে দায়ী না করে পুরো দলেরই দায়িত্ব নেয়া উচিত ছিলো।
এর আগে ২০২১ সালে এক সাক্ষাৎকারে বোলারদের বল টেম্পারিংয়ের কথা জানার বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ব্যানক্রফ্ট। যদিও পরদিনই যৌথ বিবৃতিতে সেই টেস্টের চার বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন দাবি করেন, বল বিকৃতির জন্য মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তারা জানতেন না। খাজার সাম্প্রতিক দাবি প্রকাশের পরপরই তা প্রত্যাখ্যান করেছেন সাবেক অজি কোচ লেহম্যানও।
এদিকে চলমান পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগের তদন্তে পাওয়া সব তথ্য বিবেচনা করা হয়েছে। নতুন তথ্য এলে সেটা খতিয়ে দেখার ঘোষণাও দিয়েছে সংস্থাটি।





