পাকশীতে ট্রলার দুর্ঘটনা: দুই দিন পর নদীতে ভেসে উঠলো মরদেহ

নিহত রাকিবুজ্জামান রকি
এখন জনপদে
1

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনার দুই দিন পর রাকিবুজ্জামান রকি (৩০) নামে নিখোঁজ এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলার সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দিলে রাকিবুজ্জামানসহ তিনজন নদীতে পড়ে যান। পরে ট্রলারে থাকা অন্য যাত্রীরা লিটন (৩৮) ও ওহাব (৪৫) নামের দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে রাকিবুজ্জামান নিখোঁজ ছিলেন।

নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপার কাতলা ঘাট থেকে প্রায় ১২০ জন একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে যান। রাতে ফেরার পথে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ট্রলারটি সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা খায়। এতে রাকিবুজ্জামানসহ তিনজন নদীতে পড়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার রাত থেকে শনিবার দিনভর অভিযান চালিয়েও রাকিবুজ্জামানের সন্ধান পাওয়া যায়নি।

পরে রোববার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ সেটি উদ্ধার করে।

লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রলার দুর্ঘটনার পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি নিখোঁজ ছিলেন। রোববার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

ইএ