ভারতকে সুবিধা দিতে ১৭ বছর গ্যাসকূপ খনন করেনি আওয়ামী লীগ: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম
দেশে এখন
রাজনীতি
0

প্রতিবেশী দেশ ভারতকে সুবিধা দিতে গত ১৭ থেকে ১৯ বছরে আওয়ামী লীগ সরকার কোনো গ্যাসকূপ খনন করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তার দাবি, এ কারণেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কদমতলী থানার ৬০ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল, পানি নিষ্কাশন, রাস্তাঘাট ও ড্রেনের উন্নয়ন এবং বৃক্ষরোপণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘যারা অবৈধ ব্যবসা করে, তাদের আমদানি সুবিধা দেয়ার জন্য বিগত সরকার কোনো গ্যাসকূপ খনন করেনি। এছাড়া দেশের ব্যাংকব্যবস্থা লুটপাট করে বিদেশে টাকা পাচার করা হয়েছে।’

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মাদক নির্মূল শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’

খাল ও ড্রেনের জায়গা দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘খালের দুই পাশে বাঁধাই করে মানুষের চলাচলের উপযোগী করতে ইতোমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’

ড্রেন ও খালে বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘আবোল-তাবোল কর্মসূচি’ না দিয়ে নতুন নেতৃত্বকে সময় দেয়া উচিত। দেশের স্বার্থে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জেআর