দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

দিনাজপুরের বিরলে রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামাল ডিপপাড়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জামাল শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রেনের হর্ন ও চলাচলের শব্দ শুনতে না পাওয়ায় তিনি সময়মতো রেললাইন থেকে সরে যেতে পারেননি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘটনাস্থলের পরিবেশ।বিষয়টি রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জেআর