বাউফলে পৌর প্রার্থী ঘোষণায় উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

পটুয়াখালী
হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ মোতায়েন
এখন জনপদে
0

পটুয়াখালীর বাউফলে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) রিয়াজ হোসেন খানের বাউফলে আগমন উপলক্ষে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি জনসমাবেশের আয়োজন করা হয়।

ওই সমাবেশে আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী হিসেবে রিয়াজ হোসেন খানের নাম ঘোষণা করা হয়। পরে তার নেতৃত্বে পৌর শহরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

এসময় বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এর অনুসারীরা সন্ধ্যা ৬টার দিকে ওই শোভাযাত্রায় অংশ নেওয়ার অভিযোগে কার্তিক ও রুবেল নামের স্থানীয় দুই ব্যক্তির ওপর হামলা চালায়।

হামলাকারীরা তাদের নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা দাবি করে অভিযোগ করেন, তারা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিয়াজ হোসেনের পক্ষে বের হওয়া শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে কার্তিক ও রুবেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অপর দিকে রাত ৯টার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠসহ চারটি স্থানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা এগুলোকে ককটেল বিস্ফোরণ বলে দাবি করলেও ঘটনাগুলো ককটেল বিস্ফোরণ কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিস্ফোরণের শব্দে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন। এগুলো ককটেল বিস্ফোরণ, নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে শহরের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে হামলা ও বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ