নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকের চাপায় লাইনম্যান নিহত

মরদেহের প্রতীকী
এখন জনপদে
3

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে ফেরিতে যানবাহন পারাপারের সময় দুই যানবাহনের মাঝে চাপা পড়ে মো. আশরাফ হোসেন নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। আজ (সোমবার, ৫ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে চাপ দিলে এর পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে চাপা পড়েন তিনি।

নিহত আশরাফ হোসেন পূর্ব গোপালনগর, বক্তাবলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম হোসেন মিয়া।

ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বক্তাবলী ফেরিতে যানবাহন পারাপারের সময় লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরাফ হোসেন। এ সময় একটি কভারভ্যান পেছন দিক থেকে চাপ দেয়। কভারভ্যানটির পেছনে থাকা ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে থাকায় দুই যানবাহনের চাপে গুরুতর আহত হন আশরাফ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর নিহতের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো আসামির নামও জানা যায়নি।

এ বিষয়ে নৌ পুলিশের বক্তাবলী ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি উপ-পরিদর্শক সেলিমুজ্জামান জানান, ফেরিঘাটে টোল আদায়ের দায়িত্ব পালনকালে একটি ট্রাকের চাপায় আশরাফ গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়।

জেআর