আটককৃতরা হলেন; সুনামগঞ্জের রঙ্গারচর বিন্দাবননগর এলাকার বাচ্চু মিয়া (৬০), তার স্ত্রী আমিনা বেগম (৫৫) ও মেয়ে দিলারা বেগম (৩০), জামাতা সিলেটের কোম্পানীগঞ্জের চরারবাজার এলাকার মফিজ উদ্দিন (৩২), সুনামগঞ্জের কোম্পানীগঞ্জের কান্দিসুমতনগর এলাকার সুমন মিয়া (২০) ও তার ফুফাতো ভাই সজিব মিয়া (১৯)।
আটককৃতরা জানান, তারা সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে দালালচক্রের হাত ধরে জনপ্রতি ১৫ হাজার টাকায় ভারতে যান। ভারত অধ্যুষিত কাশ্মিরের শ্রীনগর এলাকায় ফলের বাগানসহ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। গত ৫-৬ মাস আগে তারা আটক হন পুলিশের হাতে।
কারাগারে পাঠানো হয় তাদের। সম্প্রতি কারাগার থেকে তাদের বিএসএফের হাতে তুলে দেয়া হয়। বিএসএফ মঙ্গলবার ভোরে পঞ্চগড়ের সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশ। তবে কোন সীমান্ত দিয়ে তাদের পাড়াপাড় করা হয়েছে তা বলতে পারছেন না তারা। ধারণা করা হচ্ছে তারা পঞ্চগড় জেলা শহরের কাছাকাছি কোনো সীমান্ত দিয়ে তাদের পুশইন করেছে বিএসএফ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই করার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’





