আধুনিক কার্গো হ্যান্ডলিং ক্রেন নিয়ে পায়রা বন্দরে চীনা জাহাজ

পটুয়াখালী
পায়রা বন্দরে চীনা জাহাজ
এখন জনপদে
1

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় যুক্ত হয়েছে ৫টি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ক্রেন। এর মাধ্যমে বন্দরে আসা কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে এবং একই সঙ্গে মাদার ভেসেলের আগমন বাড়ছে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা দাবি কর্তৃপক্ষের।

আজ (বুধবার, ৭ অক্টোবর) সকাল পৌনে ১১ টায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল জেটিতে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ জাহাজটি ভিড়ে। দীর্ঘ বিরতির পর আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টবাহী জাহাজ আগমনের মাধ্যমে পায়রা বন্দরের জেটিতে পুনরায় সরাসরি জাহাজ বার্থিং কার্যক্রম শুরু হলো।

নাব্যতা সমস্যা দূরীকরণের পর পরই মাদার ভেসেল নিয়মিতভাবে পায়রা বন্দরের জেটিতে আগমন করে কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

নতুন সংযোজিত এসটিএস দুটি ক্রেনের মাধ্যমে মাদার ভেসেল থেকে কনটেইনার লোড ও আনলোড কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে আরটিজি দুটি ক্রেনের মাধ্যমে ট্রেলার থেকে কনটেইনার লোড-আনলোড এবং ইয়ার্ডে কনটেইনারের সুশৃঙ্খল সংরক্ষণ ও স্থানান্তর কার্যক্রম পরিচালিত হবে।

অন্যদিকে একটি এমএইচসি এর মাধ্যমে কার্গো ও কনটেইনার ডিসচার্জিং/শিপিং কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানায় পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।

পায়রা বন্দরের পরিচালক (ট্রাফিক) এবং উপসচিব মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘কার্গো-কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে পায়রাবন্দর আধুনিক হওয়ায় দ্রুত কনটেইনার হ্যান্ডলিংয়ের ফলে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের টার্নঅ্যারাউন্ড টাইম কমবে, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং স্বল্পতম সময়ে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর কার্গো ব্যবস্থাপনার মাধ্যমে পায়রা বন্দরের অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে এর সক্ষমতা বিকাশের পথ সুগম হবে।’

পারা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, ‘ড্রেজিংয়ের মাধ্যমে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বৃদ্ধি করা হলে অধিক ড্রাফটের বৃহৎ মাদার ভেসেল সরাসরি পায়রা বন্দরের জেটিতে আসতে সক্ষম হবে। এর ফলে একদিকে যেমন বৃহৎ পরিমাণ কার্গো হ্যান্ডলিং করা সম্ভব হবে, অন্যদিকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের অবদান আরও বৃদ্ধি পাবে এবং এখান থেকে সরকার বিপুল রেভিনিউ আয় করতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক এসব কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টের সংযোজনকে পায়রা বন্দরের আধুনিকায়ন, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সমুদ্রবন্দরভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্ব বহন করবে।’

এএইচ