সার সংকটে ১১ দলীয় ঐক্যের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
দেশে এখন
এখন জনপদে
1

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

আজ (বুধবার, ১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত ‘আবরার ফাহাদ সেতুর’ স্থান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার এমপিরা ১১ দলীয় ঐক্যের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। যেসব জেলায় বিএনপির এমপিরা রয়েছেন সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।’

আরও পড়ুন: সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগের কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।’

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনা ঘটে বিএনপি-ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে। সেই ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্টার নিউজের প্রতিনিধিসহ দুই সাংবাদিক। পরে প্রতিমন্ত্রী সেতু নির্মাণের দু’টি স্থান ঘুরে দেখেন। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসএস