রামুতে এসআরবির অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক নারী

উদ্ধার করা মাদক
অপরাধ
এখন জনপদে
0

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল (বুধবার, ২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুনিয়াছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় খালেদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক কারবার ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

গ্রেপ্তার নারীকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


এফএস