সিদ্ধিরগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

আগুনের প্রতীকী ছবি
এখন জনপদে
2

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ৪ নভেম্বর) ভোরে মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের দেয়া তথ্যে জানা যায়, ভোর আনুমানিক ৪ টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় আবুল হোসেনের মালিকানাধীন টিনশেড কয়েল ফ্যাক্টরিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

এ সময় ফ্যাক্টরির কর্মচারীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা ব্যর্থ হয়ে সকাল পৌনে ৫ টায় ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৬ টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক বা যন্ত্রপাতির ওভারহিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনের মধ্যেও প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।


এফএস