বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আট বছরের শিশু

পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী
এখন জনপদে
0

বরগুনার বিষখালী নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নেমে মো. ইহান (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) দুপুরে বরগুনা শহরের অদূরে বড়ইতলা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, ঢাকা থেকে ইহানের বাবার এক বন্ধুর পরিবারসহ বেশ কয়েকজন বরগুনায় বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে তারা ১০ থেকে ১২ জন মিলে বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে গোসল করতে নামেন। এ সময় হুট করে তীব্র স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় শিশু ইহান।

ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বেশ কিছু সময় অনুসন্ধানের পরও শিশুটির সন্ধান না পাওয়ায় পরবর্তীতে পটুয়াখালী থেকে একটি বিশেষ ডুবুরি দলকে তলব করা হয়। বর্তমানে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ডুবুরি দলের তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাইন পারভেজ বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। বর্তমানে পটুয়াখালী থেকে আসা বিশেষ ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে।’

জেআর