খনি কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুই স্থানীয় শ্রমিককে সঙ্গে নিয়ে ভূ-গর্ভে গ্যাস পরিমাপ করতে যান চেং শিয়াওজুন। একপর্যায়ে তিনি দুই শ্রমিককে পৃথক স্থানে গ্যাস পরিমাপের দায়িত্ব দিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশে যান। পরে নির্ধারিত স্থানে তাকে খুঁজে না পেয়ে সহকর্মীরা বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান।
খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ভূ-গর্ভে অভিযান শুরু করে। প্রায় আট ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৭টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত চীনা নাগরিকের মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ ঘটনায় চীনে অবস্থিত নিজস্ব দপ্তর ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে সংশ্লিষ্ট কনসোর্টিয়াম। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করার প্রক্রিয়া চলছে।
তবে কী কারণে ভূ-গর্ভে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তের বিস্তারিত তথ্যও জানা যাবে বলে জানান খুনের জেনারেল ম্যানেজার (অপারেশন) জাফর সাদিক।





