প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকার পাঁচতলা জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ধোঁয়ায় আক্রান্ত ৭৯ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা চারজনকে আইসিইউতে নেয়া হয়েছে। একজনকে যান্ত্রিক ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেয়া হচ্ছে। এ ছাড়া ১৬ শিক্ষার্থী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘খবর পাওয়ার পর কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়েছে।’
আরও পড়ুন:
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মফিজুল ইসলাম জানান, রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রথমে কয়েকজন শিক্ষার্থীকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়। পরে সকাল থেকে আরও অর্ধশতাধিক শিক্ষার্থীকে সেখানে চিকিৎসার জন্য পাঠানো হয়। অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরিতে থাকা বিপুলসংখ্যক ইসলামিক বইসহ বিভিন্ন আসবাব ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলিনূর রহমানকে এবং সদস্যসচিব করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন—জেলা পুলিশ সুপারের মনোনীত একজন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন-১-এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে সিআইডির নারায়ণগঞ্জ ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ, ছবি ধারণ ও প্রাথমিক পর্যবেক্ষণ করে। ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হতে সিআইডির ফরেনসিক ও বিশেষজ্ঞ দল কাজ করছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় মাদ্রাসার নিরাপত্তাব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়গুলোও তদন্তে আনা হবে বলে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। তদন্ত কমিটি ও সিআইডির অনুসন্ধান শেষে আগুনের প্রকৃত কারণ এবং দুর্ঘটনার সার্বিক চিত্র স্পষ্ট হবে।





