অজিত দোভাল ও র-এর সাবেক প্রধানকে যুক্তরাষ্ট্রের সমন

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি দেয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানসহ ভারত সরকারকে সমন জারি করেছে মার্কিন আদালত। আদালতের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে এ সমন জারি করে।

শিখস ফর জাস্টিসের (এসএফজে) নেতা পান্নুনের দায়ের করা এ মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে বিবাদী করা হয়েছে। মামলায় পান্নুন অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে ‘র’-কে দিয়ে চালানো এক ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন দোভাল। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। তবে ভারত সরকার আগেই পান্নুনকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছে এবং তার সংগঠন এসএফজেকে বেআইনি আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে।

পান্নুনের এই দেওয়ানি মামলাটি মূলত মার্কিন বিচার বিভাগের (ডিওজে) আগের একটি ফৌজদারি তদন্তের ওপর ভিত্তি করে করা হয়েছে। ওই মামলায় নিখিল গুপ্ত নামের এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পান্নুনকে হত্যা করতে ভাড়াটে খুনি ঠিক করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। চলতি বছরের শুরুর দিকে আদালতে নিজের সব দোষ স্বীকার করেন নিখিল গুপ্ত এবং চলতি মাসেই তার সাজা ঘোষণার কথা রয়েছে। মার্কিন কৌঁসুলিদের দাবি, নিখিল গুপ্ত ভারতের গোয়েন্দা সংস্থা র-এর তৎকালীন কর্মকর্তা বিকাশ যাদব ও অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে এ ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করেছিলেন।

মার্কিন সরকারের তোলা হত্যাচেষ্টার অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ভারত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং বিকাশ যাদব বর্তমানে ভারতের একটি আদালতে মামলার মুখোমুখি রয়েছেন। তবে পান্নুনের পক্ষ থেকে দায়ের করা এই দেয়ানি মামলাকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।

—ফার্স্ট পোস্টের প্রতিবেদনের অবলম্বনে

এএম