জাতীয় সংসদে খুলনা-২ আসনের এমপি’র আলোচনার কেন্দ্রবিন্দু খুলনার আইনশৃঙ্খলা। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুতি স্থানীয় এই সংসদ সদস্যের। তার ভাষ্য, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। খুলনার মূল প্রেক্ষাপটটা আসলে কী?
হঠাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা-ভাংচুর। শান্ত নগরী খুলনা এখন হত্যাকারী, চাঁদাবাজ বা ছিনতাইকারীদের দখলে। গত ২ বছর ধরে চলা এই অবস্থা দিন দিন যেনো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে
নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকার একটি ফার্মেসিতে চাঁদা চাওয়ায় আরেক ফার্মেসি মালিক মাহমুদ হাসান ভয়ে- দুই দিন ধরে বন্ধ রেখেছেন প্রতিষ্ঠান। নিরাপত্তাজনিত কারণে আশপাশের আরও ৮-১০টি ফার্মেসিও বন্ধ রয়েছে।
একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা চাই নিরাপদে ভালোভাবে ব্যবসা করতে পারি। যেন কোনো রকমের ঝামেলায় না পড়তে হয়।’
৭ নভেম্বর নগরীর নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, ৩ নভেম্বর রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, অক্টোবরের মাঝামাঝি সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ২৪ অক্টোবর সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা-ভাঙচুরের পর ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
৮ নভেম্বর রাতে মিয়াপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন এক শিক্ষা কর্মকর্তা। এছাড়াও চাঁদা চাওয়ায় গা ঢাকা দিয়েছেন কয়েকজন চিকিৎসক। এসব ঘটনায় নিরাপত্তা চেয়ে মানববন্ধনও করেছেন তারা। চিকিৎসকরা জানান, এই নিরাপত্তাহীনতার মধ্যে তো কোন ডাক্তারই এখানে এসে রুগী দেখবে না।
নিরাপত্তাহীনতায় বাইরে বের হতে সাহস পাচ্ছেন না মানুষ। নগরীর নিরাপত্তা ফিরে পেতে প্রয়োজনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে চান নগরবাসী। স্থানীয়রা জানান, বর্তমানে শহরে কোনো রকমের নিরাপত্তা নাই। দরকার হলে প্রধানমন্ত্রীর বরাবর যেতে হবে।
বছরের প্রথম আট মাসে ৫৮টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। শহরে ৯-১০টি গ্রুপ রয়েছে। কিছু গ্রুপের প্রধানরা দেশের বাইরে থেকে গ্রুপ নিয়ন্ত্রণ করছে। ঝামেলা এড়াতে অনেকে অভিযোগ না করলেও সবার সহযোগিতা চায় পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘এই শহরের জনগণকে আরও সচেতন হওয়া উচিত। কেননা যখন কোনো সন্ত্রসীগ্রুপ চাঁদা চাচ্ছে তখন তারা আমাদেরকে জানাচ্ছে না। আমরা জানি তখন যখন যে চাঁদা না দেয়া পর যে ক্ষতিটা হচ্ছে তখন।’
এদিকে সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, প্রযুক্তিগত ভাবে অপরাধীরা অনেক এগিয়ে। তাই পুলিশের প্রযুক্তি সম্প্রসারণ ও মনোবল বাড়ানো প্রয়োজন।
খুলনা বিশ্ববিদ্যালযের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ও আরও সচেতন হতে হবে।’
হত্যা, হামলা, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আতঙ্কিত খুলনার সাধারণ মানুষ। সবার মতে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে এ শহর। আস্থা নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে। তাই এই শহরকে সন্ত্রাসমুক্ত করতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় নগরবাসী।





