পাকিস্তানের বিপক্ষে থামতে হলো বাংলাদেশকে

সাফ চ্যাম্পিয়নশিপ

ম্যাচ শেষে অশ্রুসিক্ত বাংলাদেশ দলের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভাঙলো বাংলাদেশের। ঘরের মাঠে ফেভারিট বাংলাদেশের থামতে হলো সেমিফাইনালেই। আব্দুস সামাদের একমাত্র গোলে ম্যাচ জিতে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠলো পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর সাফের ১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

একদিকে ২৩ বছর ধরে সাফ জিততে না পারার জিদ নিয়ে সেমিফাইনালে মাঠে নামে বাংলাদেশ, থমাস ডুলির দলে এ দিন দুই পরিবর্তন। অন্যদিকে, আট বছর আগে সেমিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার প্রতিশোধের মিশন পাকিস্তানে।

শুরুতেই পাকিস্তানের একাধিক আক্রমণ ভয় ধরিয়ে দেয় জাতীয় স্টেডিয়ামে থাকা হাজার হাজার দর্শকের মনে। তবে গোলরক্ষক শ্রাবনে রক্ষা শুরুর ধাক্কায়। ম্যাচের ৭ মিনিটে কাজেম শাহর শট ঈঙ্গিত দেয় বাংলাদেশ দলের গুছিয়ে ওঠার। এরপর রাকিবের শট পোস্টে লেগে আটকে যায় বল, ভাগ্যে রক্ষা পাকিস্তানের।

৩০ মিনিটে রেফারি দেন হাইড্রেশন ব্রেক, তাতেই মোমেন্টাম হারায় বাংলাদেশ। বক্সের মধ্যে ফাকা বল পেয়েও পোস্টে লাগান আব্দুস সামাদ। তাতে হাপ ছেড়ে বাঁচে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। তবে বার বার প্রতিপক্ষের ডি-বক্সে আটকে গেছে সুকি-ফারহানরা। ম্যাচের ৬২ মিনিটে বাংলাদেশ দলে ডুলির প্রথম পরিবর্তন সুকিকে উঠিয়ে নামান প্রথম ম্যাচের নায়ক ইব্রাহিমকে।

আরও পড়ুন:

ম্যাচের ৭৫ মিনিটে হামজার ফাউল থেকে ফ্রি-কিক পায় পাকিস্তান। শটটিও ছিলো লক্ষ্যে, তবে বা দিকে ঝাঁপিয়ে দারুন এক সেভ করে আরও একবার দলকে বাঁচান শ্রাবন।

ম্যাচের ৮৬ মিনিটে ডি-বক্সের বা প্রান্ত থেকে নিচু শটে পাকিস্তানের হয়ে ডেডলক ভাঙ্গেন আব্দুস সামাদ। পিনপতন নিরবতা নেমে আসে জাতীয় স্টেডিয়ামে।

হতাশ বাংলাদেশ কয়েকবার পাকিস্তানের ডি-বক্সের সামনে গেলেও দেখতে হয়েছে পুরোনো চিত্র, ফিরতে হয়েছে শূন্য হাতে।

ম্যাচের অতিরক্ত সময়ে হতাশার চিত্র ফুটে উঠেছে গ্যালারিতেও। দর্শকদের থেকে ছুড়েঁ মারা হয় স্মোক ফ্লেয়ার, বন্ধ করতে হয় খেলা।

২৩ বছর সাফের স্বপ্ন দেখা বাংলাদেশকে থামতে হলো তাদের চেয়ে ১৫ ধাপ পিছিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে।

এসএইচ