গ্যাস সংকটে গোবরের বায়োগ্যাসে জ্বালানি চাহিদা মেটাচ্ছেন রাজশাহীর মানুষ

বায়োগ্যাসে জ্বালানি চাহিদা মেটাচ্ছেন রাজশাহীর মানুষ
এখন জনপদে
0

প্রাকৃতিক গ্যাসের সংকট আর এলপিজির বাড়তি দামের মধ্যেই বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে রাজশাহীর গ্রামীণ মানুষরা। গবাদিপশু-পাখির বিষ্ঠা ও জৈববর্জ্য থেকে তৈরি হচ্ছে এই গ্যাস। তাতে জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি মিলছে মূল্যবান জৈবসার। যুব উন্নয়নের গৃহীত প্রকল্পের সহযোগিতায় এই গ্যাস প্লান্টে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিতভাবে প্লান্ট করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, বাঁচবে বৈদেশিক মুদ্রাও।

চলতি বছরেই ছয়বার দাম বেড়েছে এলপিজির। সবশেষ গ্যাসের দাম বৃদ্ধিতে অনেকের দুশ্চিন্তা বাড়লেও নির্ভার রাজশাহীর পবা উপজেলার এক দম্পতি।

গরুর গোবর, মুরগির লিটার ও পশুপাখির বিষ্ঠা দিয়ে তৈরি হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। যা দিয়ে সারা হচ্ছে রান্নাবান্না। গ্রামের অধিকাংশ বাড়িতেই দেখা মিলছে ছোট ছোট এমন বায়ো প্ল্যান্ট। নতুন প্ল্যান্ট স্থাপনে আগ্রহ বাড়ছে গ্রামবাসীর।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘একটা সিলিন্ডার কিনতে গেলে দেখা যাচ্ছে যে ২,২০০–২,৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, কিন্তু সেই সমস্যাটা আমার নাই। আমাদের, আমার ইচ্ছামতো ধরেন আমি চুলা ব্যবহার করতে পারছি, রান্না করতে পারছি।’

এর পাশাপাশি গ্যাস প্ল্যান্টের গোবর থেকে মিলছে জৈব সার, যা বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করছেন গৃহস্থরা।

স্থানীয় একজন বলেন, ‘বায়োগ্যাসের যে মানে আপনার তাপমাত্রাটা, সেটা সিলিন্ডার থেকে আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। যে গোবরটা বাড়া যায়, গোবরটা আমরা জড় করে নিয়ে যা ওখানে ভার্মিকম্পোস্ট করা আছে, ওখানে দিয়ে সারে ভরে দিয়ে ওখান থেকে আবার সার তৈরি হয়। ওখান থেকে আবার কেজি প্রতি ১৫ টাকা কেজি সারের দামটা পাই আমরা।’

ইমপ্যাক্ট-৩ প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ বায়ো প্ল্যান্ট স্থাপনে সহযোগিতা করছে। এর ফলে ৩,২০০টি বায়ো প্ল্যান্টে উৎপাদন হচ্ছে ১ কোটি ৭০ লাখ লিটার গ্যাস।

আরও পড়ুন:

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ ফজলে রাব্বি বলেন, ‘রাজশাহী বিভাগে বায়োগ্যাস প্ল্যান্ট করেছি প্রায় ৩,২০০টা বায়োগ্যাস প্ল্যান্ট। প্রতিদিন আমরা ১৩০ সিসিটি সেফটি সেখান থেকে গ্যাস উৎপাদন করছি। একটা বায়োগ্যাস প্ল্যান্ট থেকে। তার মানে ৩,২০০টা থেকে আমরা এ কত তাহলে করছি?’

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার মো. গোলাম মুর্শিদ আলম বলেন, ‘যাদের ইচ্ছা আছে, শুধু ইচ্ছা আছে করার কিন্তু আর্থিক সামর্থ্য নাই, তাদেরকে আমরা সাময়িকভাবে একটা আর্থিকভাবে হেল্প করি।’

প্রাণিসম্পদ দপ্তরের তথ্য বলছে, তিনটি গরুর গোবরে উৎপাদিত গ্যাস দিয়েই একটি পরিবারের দৈনিক চাহিদা পূরণ সম্ভব। আর মুরগির লিটার থেকে এর পরিমাণ আরও বেশি। তাই খামারিদের প্ল্যান্ট স্থাপনে আগ্রহী করতে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘এইগুলো করার জন্য যে টাকাটা লাগে, সে টাকাটার আপনার একটা কৃষকের পক্ষে এই টাকা খরচ করা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের এই টাকাটা দিয়েই আসলে সবাইকে কিন্তু আমরা প্রকল্পের আওতাভুক্ত করাটা হয়ে যায় মুশকিল।’

জ্বালানি বা এলপিজির উপর চাপ কমাতে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সরকারকে সমন্বিত বায়ো প্ল্যান্ট স্থাপনের পরামর্শ সচেতন মহলের।

পরিবর্তন জ্বালানি বিশেষজ্ঞ রাশেদ রিপন বলেন, ‘গ্রাম অঞ্চলে একটি সমন্বিতভাবে তৈরি করার একটা উদ্যোগ নেয়া হোক, যে পাঁচ-সাতটা বা একটা পাড়ায় যদি একটা প্ল্যান্ট হয় এবং তারা যদি সেখানে ভাগ করে নেয়, এটা একটা নতুন দিক হবে এবং এটির ক্ষেত্রে জাতীয় গ্রিডের উপর যে চাপ, সেটা অনেকাংশে কমে আসবে।’

চলতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে প্রায় ১১ লাখ ৭৮ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি করেছে সরকার। তাই বিশেষজ্ঞরা বলছেন, পিপিপির আওতায় প্ল্যান্ট স্থাপন করা গেলে স্থানীয় চাহিদায় চাপ কমবে।

এসএস