দেশে পথশিশু ৩৪ লাখ; বাড়ছে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি

নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে পথশিশুরা
বিশেষ প্রতিবেদন
দেশে এখন
0

উদ্বেগজনক হারে বাড়ছে পথশিশুর সংখ্যা। আন্তর্জাতিক সংস্থা ও সরকারি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে ৩৪ লাখেরও বেশি শিশু মা-বাবার যত্ন ছাড়াই রাস্তায় জীবন কাটাচ্ছে, যাদের বেশিরভাগেরই বসবাস রাজধানী ঢাকায়। দুশ্চিন্তার বিষয় হলো—নানা কারণে অপরাধে জড়িয়ে পড়ছে এসব শিশু। তবে সমাজসেবা অধিদপ্তরের দাবি, নিরাপদ আশ্রয় ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে নতুন প্রকল্প গ্রহণ করছে তারা।

যাদের চঞ্চলতায় মুখর থাকার কথা ছিল চেনা কোনো খেলার মাঠ, হাত ভরে থাকার কথা ছিল বই-খাতায়; সেই হাতে এখন মাদক। ঠিকানা হয়েছে ফুটপাত, রেলস্টেশন কিংবা ফ্লাইওভারের নিচে।

দেশে প্রতিনিয়ত জ্যামিতিক হারে বাড়ছে পথশিশুর সংখ্যা। এই চরম অবহেলা আর একাকীত্বের সুযোগে তারা ধাবিত হচ্ছে এক অন্ধকার জগতে। মাদকের সহজলভ্যতা ও ভয়াল থাবায় ম্লান হচ্ছে শৈশব।

মেট্রো স্টেশনের নিচে এক বছরের মেয়ে বৃষ্টিকে নিয়ে বসবাস তাসলিমা বেগমের। স্বপ্ন দেখেন মেয়ে বড় হবে, পড়াশোনা শিখে হবে চিকিৎসক। কিন্তু বোতল কুড়িয়ে সেই স্বপ্ন এখন আকাশের চাঁদ ছোঁয়ার মতো হয়ে দাঁড়িয়েছে। আর স্বপ্নগুলো প্রতিদিন যেন হারিয়ে যাচ্ছে সড়কের ধুলোবালিতে।

তাসলিমা বেগম বলেন, ‘বড় হইয়া ওই হকারি কইরা খাইবো। কামকাজ কইরা খাইবো। কোনো স্বপ্ন তো আর কিছু তো আমগো গরিবের নাই বোন। আমরা কি ডাক্তার বানাইতে পারুম, ইঞ্জিনিয়ার বানাইতে পারুম? পারমু না।’

আরও পড়ুন:

এদিকে মা-বাবা হারানো সিফাত ময়মনসিংহ থেকে এসে ঢাকার রাস্তায় ঘুরছে। জড়িয়ে পড়েছে মাদকের নেশায়। সিফাতের মতো হাজারো শিশুর গল্পটা একই রকম। ক্ষুধা, একাকীত্ব আর বেঁচে থাকার নিষ্ঠুর লড়াইয়ে টিকে থাকতে তারা বেছে নেয় এই মরণ নেশা।

সিফাত বলেন, ‘আমার চাচার আছে, চাচারা আমার দেখবার পাই না। তাই আমি রাস্তা রাস্তায় রাস্তা রাস্তায় ঘুরি। আম্মু মারা যাওয়ার পরে স্কুলে আর যাবার দেয় নাই।’

পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশের মোট পথশিশুর প্রায় অর্ধেক অর্থাৎ ৪৮.৫ শতাংশেরই বসবাস ঢাকা বিভাগে। এই শিশুদের ব্যবহার করছে মাদক কারবারি ও কিশোর গ্যাং চক্র। ফলে শৈশবেই তারা জড়িয়ে পড়ছে ছিনতাই ও চুরির মতো অপরাধে। এই সমস্যা সমাধানে সরকারের স্থায়ী পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করছেন এনজিও কর্মীরা।

সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের সেক্টর লিড- সিপি অ্যান্ড সিআরজি আব্দুল্লা আল মামুন বলেন, ‘কিশোররা যারা ঝুঁকিতে রয়েছে পথশিশু হওয়ার, ঝুঁকিতে রয়েছে ঝুঁকিপূর্ণ কাজে যোগ দেয়ার, মানে স্কুল থেকে ঝরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, স্কুলে সে যাবে না; তাদের জন্য আলাদা সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিতে হবে সে যেখানে থাকে। শিশুদের যে স্রোত আসছে সেটাকে থামানোর কোনো উদ্যোগ আপনি দেখবেন না যে কার্যকরী উদ্যোগ। এবং কে নেবে তাহলে উদ্যোগ? উদ্যোগ নিতে পারে দুই জায়গাতেই যেখান থেকে আসছে এবং যেখানে আসছে, সেখানে স্থানীয় সরকার।’

আরও পড়ুন:

সমাজকল্যাণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে মোট ১৩টি সরকারি পুনর্বাসন কেন্দ্র রয়েছে, যেখানের ধারণ ক্ষমতা প্রায় চার হাজার জনের। তবে এই সংখ্যা বাড়াতে নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে নতুন আশ্রয়স্থল খুঁজে পাবে পথশিশুরা।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ‘যে আসলে কী পরিমাণ পথশিশু এখানে আছে বা তারা কেন পথশিশু হয় বা কী করলে তারা এখান থেকে বিরত থাকবে বা এই মিটিগেশনটা আমরা কীভাবে করতে পারি? তাদের প্রতিপালন করলেই হবে নাকি তাকে কোনো প্রশিক্ষণ দিতে হবে নাকি তার অন্য কোনো যত্ন বা সেবা দরকার নাকি সে ফস্টার হোমে যাবে, সে বিষয়গুলো আমরা আসলে ওই জরিপের ভিত্তিতে বের করে আমরা একটা ভালো প্রোগ্রাম নেয়ার চেষ্টা করবো।’

শিশুদের শুধু একবেলা খাবার বা সাময়িক আশ্রয় নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পুনর্বাসন, মানসিক কাউন্সেলিং এবং মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা বলে মনে করছেন বিশ্লেষকরা।

সরকারি ও বেসরকারি পর্যায়ে এই পথশিশুদের পুনর্বাসনের জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করা হলেও এই সুফল পাচ্ছে না বেশিরভাগ শিশু। জরিপ বলছে প্রায় ৮০ শতাংশ শিশুই জানে না তাদের জন্য সেবাকেন্দ্র রয়েছে।

তাই এই বিপন্ন শৈশবকে বাঁচাতে সমন্বিত উদ্যোগ ও মানবিক দৃষ্টিভঙ্গি এখন সময়ের দাবি।

এসএস