আজ (শনিবার, ২১ নভেম্বর) রামু সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানান।
বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা অর্জনে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার পাশাপাশি স্বাধীনতার পর দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়টিও তুলে ধরেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





