আজ (শনিবার, ২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
নিহত শিশুর বাবা মোজাম্মেল হক জানান, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রিকশাযোগে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছিল।
পথে ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেপরোয়া গতিতে বের হওয়ার সময় একটি মোটরসাইকেল তাদের রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে শিশু সাইফান গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, শিশুটির পরিবার এ ঘটনায় মামলা করতে আগ্রহী নয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।





