সিরাজগঞ্জ শহরের সাথে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার মানুষের ব্যবসা-বাণিজ্যসহ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক। পুরাতন বগুড়া রোড নামে পরিচিত কাঠেরপুল থেকে ধানগড়া পর্যন্ত ২১ কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দের। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
পরিবহন চালকরা জানান, রাস্তা-ঘাট ভালো না। যাত্রী নিয়ে গাড়ী চালাতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
আরও পড়ুন:
সবচেয়ে করুণ দশা পাঙ্গাসি বাজার অংশের। বাজারের পুরো এলাকাজুড়ে এসব গর্ত আর খানাখন্দের কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছ রোগী, ব্যবসায়ী ও পথচারীরা। গর্ভবতী মায়েদের যাতায়াতে সবচেয়ে বেশি কষ্ট। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের।
তবে আশার কথা শুনিয়েছে সড়ক বিভাগ। সড়কটি ২৪ ফুট প্রশস্ত এবং ৫টি নতুন সেতু নির্মাণের জন্য ইতিমধ্যেই ২৮৩ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেন, ‘২১ কিলোমিটার সড়কটি ২৮৩ কোটি টাকা ব্যয় একনেকে অনুমোদন হয়েছে। এখানে আমাদের সড়কের দুইটা প্রকল্প প্যাকেজ আছে এবং ব্রিজগুলাকে নির্মাণ করার দুইটা প্যাকেজ আছে। এই প্যাকেজগুলা দরপত্র বর্তমানে আমরা প্রক্রিয়াধীন রয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা দরপত্র আহ্বান করব। দরপত্র আহ্বান করলে আমরা এই সড়কের যে মেরামতির যে কাজগুলা আছে এবং সম্প্রসারণ কাজগুলা আছে, এটা করতে পারব।’
দুর্ঘটনা এড়াতে ও ভোগান্তি কমাতে সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবি এলাকাবাসীর।




