চীনের বেসরকারি স্কুল বেইজিং নিউ ট্যালেন্ট অ্যাকাডেমি ২০২০ সাল থেকে তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে এআই প্রযুক্তি। যেখানে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বাস্তব ও বাজার উপযোগী পণ্য তৈরিই তাদের মূল লক্ষ্য।
২০৩০ সালের মধ্যে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করার উচ্চাভিলাষী জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে চীন। বিশ্বব্যাপী এআই শিল্পে আধিপত্য বিস্তারে এই নীতিগত উদ্যোগ নিয়েছে বেইজিং।
বেইজিং নিউ ট্যালেন্ট অ্যাকাডেমির প্রধান শিক্ষক ওয়েই লিউ বলেন, ‘শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে তা নিয়ে চিন্তিত। কৃত্রিম বুদ্ধিমত্তাকে হুমকি না ভেবে বরং আকর্ষণীয় ও। সময়পযোগী করে তুলতে হবে। এ বিষয়ে যত জ্ঞান অর্জন হবে তত ভালো। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যৎ চাকরি বা জীবিকা কেড়ে নেবে না। এটি আসলে আমাদের একটি উন্নত বিশ্ব গড়তে সহায়তা করছে।’
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাত্র ১২ বছর বয়সে দুইশোর বেশি ডিজিটাল পণ্য তৈরি করে বিষ্ময়বালক পরিণত হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্র গাওদি পেং। ওয়েবসাইট, সফটওয়্যারের পাশাপাশি তৈরি করেছে বেশকিছু প্রোগ্রামও।
একজন শিক্ষার্থী বলেন, ‘কম্পিউটার-সম্পর্কিত বিষয় নিয়ে পড়াশোনা করছি। তাই বেশকিছু অত্যাধুনিক এআই প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। ওয়েবসাইট, সফটওয়্যার ও প্রোগ্রামের তৈরিতে এআই ব্যবহার খুব ভালো উপায়।’
এছাড়া, কঠিন ব্যাকরণ বা গণিতের সূত্রের সমাধানে গৃহশিক্ষকের পরিবর্তে এআই টুল ব্যবহার করছে সে। চীনের বিষ্ময়বালক পেং-এর আদর্শ স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।
তবে বিশ্লেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চীনের শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে আরও গভীর করে তুলতে পারে। এছাড়া, শিক্ষা ক্ষেত্রে এআই ব্যবহারে শিশুদের মেধা ও নিজস্ব চিন্তাশক্তি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ং ঝাও বলেন, ‘অত্যাধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় একটু আলাদা সুবিধা পেয়ে যাচ্ছে। এরমধ্যে এআই প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে বৈষম্যগুলোকে আরও বাড়িয়ে তোলার শঙ্কা রয়েছে। এতে করে চীনের মধ্যেই শিক্ষাখাতে বৈষম্যের শিকার হবে শিক্ষার্থীরা।’
এদিকে, এবারের অ্যাপেক সম্মেলনে বিশ্বনেতাদের নজর কেড়েছে চীনের আধুনিক মেগাসিটি শেনজেন শহর। চীনের তৈরি বিভিন্ন এআই পণ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার মুগ্ধ করেছে অতিথিদের। এআই বাদ্যযন্ত্র, স্মার্ট অনুবাদ যন্ত্র দেখে বিষ্ময় প্রকাশ করেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম।





