গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুর
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
এখন জনপদে
0

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে আজও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ (সোমবার, ২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। এর ফলে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার সড়কে জড়ো হন।

একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এসময় দায়িত্বে থাকা আনসার ব্যাটালিয়ন, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার আহ্বান জানান। তবে শ্রমিকেরা সাড়া না দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

আরও পড়ুন:

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আশপাশের গলিতে অবস্থান নেন। সেখান থেকেও তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে গাজীপুরের শিল্পকারখানায়। সোমবার নতুন করে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শ্রমিক অসন্তোষের কারণে এখন পর্যন্ত ৩০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে নিরাপত্তা বজায় রাখা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ প্লাটুন বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

এসএইচ