আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) মানিকগঞ্জ শহরের গণকল্যাণ ট্রাস্ট মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। ‘দি গ্রিন ইভোলিউশন: বাংলাদেশ, ভারত ও নেপালে খাদ্য ব্যবস্থার রূপান্তরের পথ’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সহযোগিতা করে ওয়েল্টহাঙ্গারহিলফে বাংলাদেশ ও জার্মান কো-অপারেশন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান। সভা সঞ্চালনা করেন প্রকল্পটির সমন্বয়কারী কৃষিবিদ মোহাম্মদ আনিসুর রহমান।
গণসভায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনেরা অংশ নেন। মুক্ত আলোচনায় পিজিএস পদ্ধতির ধারণা, প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, প্রচলিত তৃতীয় পক্ষের মাধ্যমে পণ্যের মান সনদ গ্রহণের প্রক্রিয়া ব্যয়বহুল ও জটিল। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পক্ষে এ ধরনের সনদ নেওয়া কঠিন। এ ক্ষেত্রে পিজিএস হতে পারে একটি কার্যকর বিকল্প। এ পদ্ধতিতে কৃষক, ভোক্তা, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা সম্মিলিতভাবে উৎপাদন প্রক্রিয়া তদারকি করেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের মান নিশ্চিত করার সুযোগ তৈরি হয়।
তবে পদ্ধতিটি বাস্তবায়নে কয়েকটি চ্যালেঞ্জের কথাও উঠে আসে আলোচনায়। এর মধ্যে রয়েছে পিজিএস সনদপ্রাপ্ত পণ্য সম্পর্কে ভোক্তাদের পর্যাপ্ত ধারণা ও আস্থার অভাব, নিরাপদ পণ্য বিক্রির জন্য পৃথক বাজারব্যবস্থা না থাকা এবং উৎপাদনের মান নিয়ন্ত্রণ ও তথ্য সংরক্ষণে কৃষকদের কারিগরি দক্ষতার ঘাটতি।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত তদারকি জোরদার করার ওপর গুরুত্ব দেন বক্তারা। পাশাপাশি কৃষক দলগুলোকে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া এবং পিজিএস মানদণ্ডে উৎপাদিত ফসল, মাছ ও প্রাণীজ পণ্য বিক্রির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে নির্দিষ্ট কর্নার বা বাজার সংযোগ গড়ে তোলার সুপারিশ করা হয়। এতে একদিকে কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে ভোক্তারাও সহজে নিরাপদ খাদ্য সংগ্রহ করতে পারবেন।
সভায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রান্তিক কৃষক, খামারি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





