পড়ে আছে কোটি টাকার অবকাঠামো; চিকিৎসাসেবা বঞ্চিত হাজারো মানুষ

বান্দরবান
লামা উপজেলার সরই ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র
স্বাস্থ্য
এখন জনপদে
0

২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছিল বান্দরবানের লামা উপজেলার সরই ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র। স্থানীয় প্রান্তিক জনপদের মানুষের আশা ছিল, ঘরের কাছেই মিলবে নিরাপদ প্রসবসেবা ও নবজাতকের চিকিৎসা। কিন্তু উদ্বোধনের পর কেটে গেছে ছয় বছর। কোটি টাকার সরকারি অবকাঠামো এখন আগাছা আর ধুলাবালির দখলে। আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ।

কোটি টাকা ব্যয়ে নির্মিত বান্দরবান লামার সরই ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আধুনিক ভবনটি এখন ভুতুড়ে বাড়ি। চোখের সামনে দাঁড়িয়ে থাকা হাসপাতালটির এখন দরজা বন্ধ। চিকিৎসক নেই, নার্স বা কোনো স্বাস্থ্যকর্মী নেই, আছে শুধু ক্ষয়ে যাওয়া অবকাঠামো আর ভারী তালা।

সরই এলাকার অধিকাংশ মানুষই দিনমজুর ও প্রান্তিক কৃষক। প্রসূতি মা কিংবা সংকটাপন্ন নবজাতককে নিয়ে ভাঙ্গাচোরা পাহাড়ি পথে পাশের লোহাগাড়া উপজেলায় পৌঁছাতে কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। পথেই অনেকের শারীরিক ঝুঁকি বাড়ে, বাড়ে প্রাণহানির আশঙ্কা।

১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘিরে স্থানীয় মানুষের আশা ছিল নিরাপদ প্রসব সেবা, নবজাতকের চিকিৎসা এবং মা ও শিশুর জরুরি স্বাস্থ্যসেবা মিলবে এখানে।

আরও পড়ুন:

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘এখানে ডাক্তার আসতেও দেখলাম না, কখন আসে সেটাও দেখি নাই, আর রোগী ঢুকতেও দেখলাম, বাইরে তো দেখা যায় নাই।’

অন্য একজন বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নাই? এই এত টাকা খরচ করে সরকার হসপিটাল বানাইছে, এই বিল্ডিং তো অযথাই।’

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক লুসাই মং বলেন, ‘জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এরইমধ্যে পরিবার পরিকল্পনা বিভাগকে একটি চিঠি লিখেছি। আমাদেরকে জানিয়েছে, অতি শীঘ্রই উনারা শূন্যতার বিপরীতে লোক নিয়োগ করবে।’

বান্দরবান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামো থাকলেও এখানে কোনো পদ সৃষ্টি বা জনবল মঞ্জুরি করা হয়নি। অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদের মধ্যে চলছে শুধু চিঠি চালাচালি।

প্রয়োজনীয় চিকিৎসক, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে হাসপাতালটি অবিলম্বে চালুর দাবি সরইবাসীর। কেবল নথিপত্রে নয়, কোটি টাকার এই অবকাঠামো হোক মানুষের প্রাণ বাঁচানোর নিরাপদ আশ্রয়— এমনটাই প্রত্যাশা তাদের।

এসএস