কানাডার বাজারে কমেছে বাংলাদেশি পোশাকের আধিক্য, হতাশ প্রবাসীরা

কানাডার একটি কাপড়ের দোকান
অর্থনীতি , আমদানি-রপ্তানি
প্রবাস
0

ব্ল্যাক ফ্রাইডে ও বড়দিন ঘিরে জমজমাট কানাডার শপিং মলগুলো। উৎসবের মৌসুমে নতুন পোশাক কিনতে কাপড়ের দোকানে ভিড় করছেন নানা বয়সের মানুষ। কিন্তু অন্যান্যবার দোকাগুলোতে বাংলাদেশের তৈরি পোশাকের আধিক্য থাকলেও; এবারের চিত্র পুরোটা উলটো। বাংলাদেশি পোশাকের পরিবর্তে তাকজুড়ে শোভা পাচ্ছে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর পোশাক। এতে হতাশ ও উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা।

যুক্তরাষ্ট্র বা কানাডা এখন উৎসবের মৌসুম। কেনাকাটায় তাই ব্যস্ততা। শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিন। ব্ল্যাক ফ্রাইডের ছাড় আর বড়দিনের প্রস্তুতিতে জমে উঠেছে পোশাকের বাজার। তবে এই ব্যস্ত বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের উপস্থিতি তুলনামূলক কম। বিপরীতে ভারত ও ভিয়েতনামের মতো দেশের পোশাক জায়গা করে নিচ্ছে ক্রেতাদের পছন্দের তালিকায়।

কানাডার এই বাজারের চিত্র যেন বিশ্ব পোশাক রপ্তানির প্রতিযোগিতারই প্রতিফলন। দীর্ঘদিন ধরে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে লাল-সবুজের বাংলা। কিন্তু সেই অবস্থান এখন আগের মতো নিরাপদ নয়। বিশ্ব বাণিজ্য সংস্থার ২০২৫ সালের পরিসংখ্যান বলছে, বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অংশ ৬.৭৫ শতাংশ। আর মাত্র ০.২২ শতাংশ পয়েন্ট পিছিয়ে ৬.৫৩ শতাংশ নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম।

কানাডা প্রবাসী মুনমুন হক বলেন, ‘বাংলাদেশের পণ্যের গুণগত মান বাড়ানো উচিত এবং রপ্তানির দিকে বেশি মনোযোগী হওয়া উচিত। কারণ মার্কেট এখন অনেকটাই কম্পিটিটিভ। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গুণগত মান বাড়াতে হবে, পোশাকে বৈচিত্র্য আনতে হবে এবং সেভাবেই আসলে কাজ করতে হবে যাতে আন্তর্জাতিক বাজারে, বিশ্ববাজারে বাংলাদেশ টিকে থাকতে পারে।’

নানামাত্রিক জটিলতায় বিদেশি ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে বিকল্প উৎপাদনকারী দেশগুলোর দিকে ঝুঁকতে শুরু করেছেন। এরইমধ্যে কিছু ক্রয়াদেশ স্থগিত ও বাতিল হওয়ার খবরও পাওয়া গেছে। এতে বাংলাদেশকে পাশ কাটিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ তৈরি করছে ভিয়েতনাম ও ভারত।

বিশেষ করে কানাডা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো বড় বাজারে সময়মতো পণ্য সরবরাহ এবং ক্রেতাদের আস্থা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক পোশাক বাণিজ্যে শুধু কম দাম হলেই চলবে না, পণ্যের মান, সরবরাহের ধারাবাহিকতা এবং উৎপাদন সক্ষমতাও ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প কেবল বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎসই নয়, কর্মসংস্থানেরও বড় ক্ষেত্র। এই শিল্পে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি আয়, কাজের পথ এবং দেশের সামগ্রিক অর্থনীতি। এই গৌরবোজ্জ্বল শিল্পে সক্ষমতা ও ভবিষ্যৎ টিকিয়ে রাখার লড়াই নিয়ে এখনই ভাবার পরামর্শ প্রবাসী বাংলাদেশিদের।

এসএস