ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আজ (সোমবার, ২ নভেম্বর) অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্স এর ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের উপর ভিত্তি করে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।
বাপেক্স জানায়, বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন করা হয়। কূপটির দুইটি জোনে মিলেছে গ্যাসের সন্ধান। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।
সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তেল বা কোনো পদার্থ রয়েছে কিনা তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্ট শেষে জানা যাবে।’





