ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠির সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠির সংঘর্ষ
এখন জনপদে
অপরাধ
1

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জেরে বিবাদমান দুই গোষ্ঠির লোকজনদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়ম করার অভিযোগে বিএনপির সমর্থক গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠির সমর্থক জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠির শিশু মিয়াকে দায়ী করে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন।

আরও পড়ুন:

এছাড়াও গত এক সপ্তাহ আগে জিয়াউর গোয়ালনগর গ্রামে শিশু মিয়াকে তার মোটরসাইকেলসহ আটক করে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেন।

এ নিয়েও দুই গোষ্ঠির মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে উভয় গোষ্ঠির লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় থানায় কোনো পক্ষই মামলা দায়ের করেনি। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কা থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এসএস