চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ১ বছর কারাদণ্ড

আটককৃত ব্যক্তিরা
অপরাধ
0

চাঁদপুরে অবৈধভাবে তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ (সোমবার, ৩০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার নওরিন ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমান এবং পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট মক্কা এন্টারপ্রাইজের মালিক মো. মঞ্জুর হোসেন তালুকদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি বলেন, ‘মতলব দক্ষিণ উপজেলায় হঠাৎ করে জ্বালানি তেলের সংকট দেখা দিলে পরিদর্শনে যাই। এ সময় নওরিন ফিলিং স্টেশনে গিয়ে তেলের সংকট দেখা যায়। পরে পদ্মা ডিপোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তাদের বরাদ্দকৃত জ্বালানি তেল সরবরাহ করা হয়।’

আরও পড়ুন:

তিনি জানান, এ নিয়ে ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তিনি অবৈধভাবে খোলা বাজারে তেল বিক্রির কথা স্বীকার করেন। এ ঘটনার সঙ্গে অপর এক ব্যবসায়ী জড়িত থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এফএস