সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: অস্ত্র ও গোলাবারুদসহ আটক ডাকাত

অস্ত্র ও গোলাবারুদসহ আটক ডাকাত
অপরাধ
0

‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।

আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয় বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে আটক করা হয়।’

আরও পড়ুন:

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুস সামাদ মোল্লা সুন্দরবন এলাকা থেকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিলেন।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, ‘সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

এফএস