টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

জব্দকৃত ইয়াবা
এখন জনপদে
অপরাধ
0

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানকালে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ (শুক্রবার, ৮ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একই দিন বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় টেকনাফের কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

এএইচ