বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ফুফাতো ভাই

নিহত মো. আম্মার
এখন জনপদে
অপরাধ
0

বাগেরহাট শহরে গভীর রাতে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই মো. আম্মার (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মামাতো ভাই আলী আব্দুল্লাহকে (২৩) ঘটনাস্থল থেকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্বজনরা। গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আম্মার ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে। আটক আলী আব্দুল্লাহ নিহতের মামাতো ভাই এবং বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার মাহমুদ উন্নবীর ছেলে।

নিহতের স্বজনদের বরাদ দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ তার ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার শেষে মামাতো-ফুফাতো দুই ভাই বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ চিৎকারের শব্দ শুনে পরিবারের সদস্যরা দোতলায় ছুটে যান। সেখানে আম্মারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

আরও পড়ুন:

পরে তাকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ কারণে হত্যার ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’

তিনি বলেন, ‘নিহতের বুক ও পিঠসহ বিভিন্ন স্থানে ছুরির আঘাতে চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।’

এসএস