ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০

ভাঙ্গায় সংঘর্ষ
এখন জনপদে
অপরাধ
1

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রুতার জের ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব সদরদী ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার, ৩০ জুন) রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

আহতদের মধ্যে অন্তত ১০ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন:

স্থানীয়দের দাবি, গুরুতর আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সংঘর্ষের সময় কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এসএস