পার্কিং স্পেসে ব্যবসা, ফেনীতে ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল

ফেনী পৌরসভা
এখন জনপদে
অপরাধ
0

বহুতল ভবনের পার্কিং স্পেসে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে ফেনী পৌরসভা। অভিযানের অংশ হিসেবে শহরের পাঁচটি বাণিজ্যিক ভবনের পার্কিং এলাকায় পরিচালিত ২২টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।

ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা গত ২১ মে এ-সংক্রান্ত আদেশ জারি করেন। আজ (বুধবার, ১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্র জানায়, শহরের ট্রাংক রোড ও শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কের কয়েকটি বহুতল ভবনের বেজমেন্ট, যা পার্কিং হিসেবে ব্যবহারের কথা, সেখানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ফলে ভবন ব্যবহারকারীদের যানবাহন সড়কে রাখতে হচ্ছে। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে।

সূত্র আরও জানায়, ভবনের মালিকদের একাধিকবার পার্কিং স্পেস খালি করার জন্য নোটিশ দেয়া হয়েছিল। সেখানে ব্যবসা পরিচালনাকারীদেরও বিভিন্নভাবে সতর্ক করা হয়। এরপরও নির্দেশনা না মানায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৮৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ২২টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গার্ডেন রেস্টুরেন্ট, ইত্যাদি হোটেল, ভাবনা সুজ, আনিকা সুজ, কে এস অ্যান্ড কোং, তাজমোহন ক্রোকারিজ, আরপি অ্যান্ড কোং, সায়মা কসমেটিকস, মা লেদার হাউস, চায়না লেদার হাউস, এস এম ফিল্টার হাউস, হিল ট্যাক্স, টাইলস ভুবন, সুমি কসমেটিকস, নিউ কেয়া বাজার ও নাভানা সুজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান শেখ আহমদ টাওয়ার, ফাহাদ ভবন, সূচনা সেন্টার, গ্রিন টাওয়ার ও হাজী শাহ আলম টাওয়ারের পার্কিং স্পেসে পরিচালিত হচ্ছিলো।

ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দিন বলেন, ‘পার্কিং স্পেস দখল করে ব্যবসা পরিচালনার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যায়ক্রমে শহরের সব ভবন ও মার্কেটের পার্কিং এলাকায় অবৈধভাবে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ভবন সিলগালা, জরিমানাসহ আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

আরও পড়ুন:

তবে পৌরসভার এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন হাজী শাহ আলম টাওয়ারের বেজমেন্টে পরিচালিত গার্ডেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুরুল আফসার কবির শাহজাদা।

তিনি দাবি করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। পৌরসভার ট্রেড লাইসেন্সসহ ১১টি সরকারি সংস্থার অনুমোদন নিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করে তারা ব্যবসা শুরু করেছিলেন। স্থানটি যদি অনুপযুক্ত হয়ে থাকে, তাহলে শুরুতেই কেন লাইসেন্স দেয়া হয়েছিল-এ প্রশ্নও তোলেন তিনি।

নুরুল আফসার কবির শাহজাদা আরও বলেন, ‘ফেনী শহরের আরও অনেক বহুতল ভবনের পার্কিং স্পেসে একইভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হলেও সেগুলোর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’

এসএস