যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৩

ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৩
অপরাধ
0

যশোরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ উনক্যারেক্স এবং স্ক্যাফ সিরাপসহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। অভিযানে এক হাজার ৪৩ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন; যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে বশির উদ্দিন, একই এলাকার সানাউল্লাহর ছেলে মিনহাজ এবং শার্শার চ্যাংরালী বাউন্ডারী পাড়ার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।

মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল শার্শা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ।

আরও পড়ুন:

পৃথক আরেকটি অভিযানে শার্শার চ্যাংরালীর বাউন্ডারী পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে র‍্যাব। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট এক হাজার ৪৩ পিস বোতলজাত মাদক উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে ভারতীয় নিষিদ্ধ এ সিরাপগুলো এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদককারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এফএস