ফেনী সীমান্তে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

আটক নাইজেরিয়ান নাগরিক
এখন জনপদে
অপরাধ
0

ফেনীর পরশুরাম সীমান্তে অনুপ্রবেশ চেষ্টাকালে অস্টিন (৩৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের নিজকালিকাপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে ওই বিদেশি নাগরিককে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত মার্চ মাসে তিনি বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনীর পরশুরামে আসেন। স্থানীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এএইচ