যৌথ টাস্কফোর্স অভিযানে শ্রীমঙ্গলে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজার
যৌথ টাস্কফোর্স অভিযানে জব্দকৃত পণ্য
এখন জনপদে
অপরাধ
1

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে আমদানিকৃত পণ্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ও হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন, র‍্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের অভিযানে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিপুল শাড়ি এবং কসমেটিকস জব্দ করেছে।

আজ (রোববার, ২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল (শনিবার, ২২ আগস্ট) দুপুর ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ মালামাল পাচারের তথ্যের পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের একটি চৌকস আভিযানিক দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উপ অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় সঙ্গে জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানকালে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী এবং বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানা গেছে। অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

এএইচ