আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে স্পেনের মুরসিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমার হুমকি পাওয়ার পর বিমানবন্দরে জরুরি নিরাপত্তা প্রটোকল সক্রিয় করা হয়। উড়োজাহাজে থাকা ১১৪ জন যাত্রী ও সাতজন ক্রুকে নিরাপদে নামিয়ে ব্যাপক তল্লাশি চালান স্পেনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া রোমের ফিউমিচিনো বিমানবন্দরেও পর্তুগালের লিসবন ও আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আসা রায়েনএয়ারের দুটি উড়োজাহাজে বোমাতঙ্কের জেরে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ডাবলিন থেকে আসা ফ্লাইটটিকে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান পাহারা দিয়ে নিরাপদে অবতরণ করায়।
একই দিন বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ডাবলিন থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইট এবং মিলান থেকে সোফিয়াগামী উইজ এয়ারের আরেকটি ফ্লাইটে বোমার হুমকি দেয়া হয়। উভয় উড়োজাহাজ সোফিয়ায় নিরাপদে অবতরণের পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরকের সন্ধান মেলেনি। এর আগে গতকাল সোমবার লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের আরেকটি ফ্লাইট বোমার হুমকির কারণে হাঙ্গেরির বুদাপেস্টে ঘুরিয়ে দেয়া হয়েছিল এবং হাঙ্গেরিয়ান বিমানবাহিনীর গ্রিপেন যুদ্ধবিমান সেটিকে পাহারা দিয়ে নিয়ে যায়।
পোল্যান্ডের আকাশপথেও বোমাতঙ্কের প্রভাব পড়ে। আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) লন্ডন থেকে আসা এলওটি পোলিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হুমকি পাওয়ার পর ওয়ারশ-মডলিন বিমানবন্দরে অনির্ধারিত জরুরি অবতরণ করে। এতে কিছু সময়ের জন্য বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। একই দিন কোপেনহেগেন থেকে ওয়ারশগামী স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইটেও একই ধরনের হুমকি আসে এবং ওয়ারশ-শোপেন বিমানবন্দরে নামার পর উড়োজাহাজটি পরীক্ষা করা হয়। এর আগে গত ১৮ অক্টোবর তেল আবিব থেকে ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোমানিয়ার আকাশে থাকা অবস্থায় বোমার হুমকি পেলে বুলগেরিয়ার বিমানবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানের পাহারায় সেটিকে সোফিয়ায় ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয়েছিল।





