কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণসহ কোস্ট গার্ডের হাতে আটক ২

৩১ ভরি স্বর্ণসহ আটক ২
এখন জনপদে
অপরাধ
0

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল (শনিবার, ২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মো. আজিম (৩৩) ও মো. ফারুক (২৮)।

আজ (রোববার, ২৩ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশে আনার তথ্য পেয়ে বিমানবন্দর এলাকার বাইরে নজরদারি বাড়ানো হয়। পরে নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলেও জানানো হয়।

তবে আটকরা দাবি করেছেন, জব্দ করা স্বর্ণালংকার তারা সৌদি আরব থেকে এনেছেন এবং এর বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এএইচ