বরগুনায় ভাতিজার হাতে চাচি খুনের অভিযোগ

মরদেহের প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত পিয়ারা বেগম লেমুয়া এলাকার মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন (৩৮) একই এলাকার মৃত পিয়ারার দেবরের ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে আল আমিনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আল আমিন লাঠি দিয়ে পিয়ারা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং অজ্ঞান হয়ে পড়েন।

আরও পড়ুন:

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত স্বজনরা মামলা করেনি। তবে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

এসএস