হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৭০

হবিগঞ্জ
হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ
এখন জনপদে
অপরাধ
0

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন।

আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মিরপুর বাজারে এ সংঘর্ষ চলে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, লাঠিসোঁটা নিয়ে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের যুবকদের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুই দলের কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন মিরপুর বাজারে জড়ো হন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে দু’পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে লাঠিসোঁটা নিয়ে একে অপরকে ধাওয়া করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে মিরপুর বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এসএস