নারায়ণগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ২৮

নারায়ণগঞ্জ
জুয়ার আসর থেকে আটককৃতরা
এখন জনপদে
অপরাধ
1

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে একটি মার্কেটের চতুর্থ তলায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ২৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল (রোববার, ২৯ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার জানান, চাষাড়া মোড়ের খাঁজা মার্কেটের চতুর্থ তলায় একটি কক্ষে গোপনে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানোর তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা তাদের আটক করা হয় এবং খেলার কাজে ব্যবহৃত তাসসহ নগদ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তিদের অধিকাংশই বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারী। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জে এসে চাকরি ও শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।

পুলিশ সুপার আরও বলেন, জুয়া একটি সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। শ্রমজীবী ও কর্মজীবী মানুষ তাদের উপার্জিত অর্থ পরিবারের প্রয়োজন, সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের পেছনে ব্যয় না করে জুয়ার আসরে নষ্ট করছেন।

এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এএইচ