শাহজালালে বিমানের ফ্লাইট থেকে অর্ধশতাধিক স্বর্ণবার জব্দ

জব্দ করা স্বর্ণবারগুলো
অপরাধ
1

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে ৫০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালিয়েছে তারা।

ফ্লাইটটি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পরপরই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা নিবিড় তল্লাশি শুরু করেন।

প্রাথমিক গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে ১০০টিরও বেশি স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছিল। প্রায় চার ঘণ্টাব্যাপী টানা অভিযান ও তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবার শনাক্ত ও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সে হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫.৮৩২ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

যাত্রীর ব্যাগে নয়—স্বর্ণের গোপন আস্তানা উড়োজাহাজের টয়লেটে

স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে নয়, বরং উড়োজাহাজের টয়লেটে লুকানো অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বর্ণগুলো সেখানে কারা রেখেছিল, কার মাধ্যমে বিমানবন্দর থেকে বের করে নেয়ার পরিকল্পনা ছিল এবং এর নেপথ্যে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না—তা উদঘাটনে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর স্বর্ণ চোরাচালানের আরও বড় চালান শনাক্ত ও জব্দ এবং এর নেপথ্যের চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

এসএস