নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ ‘কোবরা গ্রুপের’ সোহেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ
গ্রেপ্তার হওয়া সোহেল
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ ও ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গতকাল (রোববার, ১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ (সোমবার, ১২ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সোহেলের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও ১০ গ্রাম হেরোইন (৭০ পুরিয়া) উদ্ধার করা হয়েছে।

এসআরবির দাবি, সোহেল দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়াসহ আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণে কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের কাছ থেকে চাঁদা দাবি এবং চাঁদা না পেলে হামলা, ভাঙচুর ও ঝুট লুটপাটের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:

কর্তৃপক্ষ জানায়, সোহেলের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ ১৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকালে সহিংসতা ও হত্যা চেষ্টার মামলাতেও তিনি আসামি।

এদিকে কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইজিবাইক চালক ইকরামুল হককে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি। রোববার কুমিল্লার চৌদ্দগ্রামের যুক্তিখোলা এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার লালবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

এসআরবি-১১-এর অধিনায়ক জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও ভুক্তভোগী নারীকে এখনো উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে অভিযান চলছে।

এসএস